শান্তি নেই মানেই ইসলাম নেই
ইসলামের সকল আলেম-ওলামা ও ফকীহগণ একমত যে- আকিদা ঠিক না থাকলে ঈমানের কোনো মূল্য নেই। আর স্বভাবতই ঈমানের মূল্য না থাকলে ঐ ঈমানভিত্তিক আমলেরও কোনো মূল্য থাকে না। তাই ইসলাম-শিক্ষা বইগুলোর প্রথমেই থাকে ‘আকায়েদ’ অধ্যায়। সেই মহামূল্যবান আকিদা কী? আকিদা হচ্ছে কোনো বস্তু বা বিষয় সম্পর্কে সম্যক ধারণা (Comprehensive concept)। কোনো কাজ কী উদ্দেশ্যে করা হবে- সেটা জেনে বুঝে করাই আকিদা। ঘড়ির কাজ সময় দেওয়া, কলমের কাজ লেখা। এটা বোঝাই ঘড়ি ও কলম সম্পর্কে সঠিক আকিদা। এটা জানা না থাকলে সেগুলো সঠিকভাবে ব্যবহার করা যাবে না। একইভাবে আমাদেরকে জানতে হবে কেন আমরা ঈমান পোষণ করব, ধর্ম বলতে কী বোঝায়, ধার্মিক কারা, কোন কাজটি প্রকৃত এবাদত, নবী-রসুলদের আগমনের উদ্দেশ্য কী, নামায-রোযা-হজ্ব ইত্যাদি কেন আল্লাহ করতে বলেছেন। এ বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা বিগত ১৩০০ বছর ধরে ক্রমে ক্রমে বিকৃত হয়ে গেছে। তাই মানবজাতির ধর্মবিশ্বাস থাকলেও আকিদা ঠিক নেই, ফলে আমলও অর্থহীন হচ্ছে। যেমন- ইসলামকে আজ একটি ব্যক্তিগত ও আনুষ্ঠানিকতার ধর্ম বলে ধারণা করার ফলে নামায, রোযা, ঈদ, কোরবানি, শবে বরাত, আশুরা ইত্যাদি কিছু আনুষ্ঠানিক বিষয় পালন করেই মুসলিমরা মনে করেন যে বুঝি ইসলামের কাজ করা হলো। কিন্তু ইসলাম তো তা নয়। ইসলাম শব্দটি এসেছে সালাম থেকে আর সালাম মানেই শান্তি। অর্থাৎ ইসলাম হচ্ছে সমাজের এমন একটি অবস্থা যেখানে কোনো অন্যায়, অবিচার, মারামারি-কাটাকাটি, দুঃখ-দারিদ্র্য, দুশ্চিন্তা বা আতঙ্ক থাকবে না, সর্বত্র থাকবে কেবল শান্তি, নিরাপত্তা, সর্বপ্রকার স্বাধীনতার অনাবিল আনন্দ। এমন একটি সমাজ সৃষ্টির জন্য কাজ না করে যত নামায, রোযাই করা হোক, সবই অর্থহীন। এজন্যই আজকের দুনিয়ায় মসজিদ, মাদ্রাসা, খানকা, মুসল্লি বা রোযাদারের অভাব নেই, কিন্তু সবচেয়ে অশান্তির মধ্যে আছে মুসলিম নামের এ জনসংখ্যা। তাদের মধ্যে ইসলাম নেই, অর্থাৎ শান্তি নেই।
No comments:
Post a Comment